বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একমাত্র নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই স্বচ্ছ ও অবাধ নির্বাচন সম্ভব। মঙ্গলবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পরে সাংবাদিকদের সঙ্গে তিনি এ মন্তব্য করেন।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে নিয়ে রুহুল কবির রিজভী জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও ফাতেহা পাঠ করেন।
আলোচনা করলে অনেক কিছু সমাধান হতে পারে নতুন নির্বাচন কমিশনারের এ ধরনের বক্তব্যের জবাবে রিজভী বলেন, এ ধরনের কথা আগের নির্বাচন কমিশনারও বলেছিলেন। সেই আলোচনায় বিএনপি গেছে। তারা আশ্বাস দিয়েছিলেন, এমনকি তারা আশ্বাস দিয়েছিলেন যে ইভিএমের ব্যাপারে জনগণ, রাজনৈতিক দলগুলোর সন্দেহ আছে। হুদা সাহেব বলেছিলেন, অধিকাংশ দল না চাইলে ইভিএমে ভোট হবে না। কিন্তু প্রধানমন্ত্রীর কথায় সেই হুদা সাহেব ইভিএমও রেখেছেন এবং দিনের ভোট রাতে করেছেন। সুতরাং তার (নতুন সিইসির) কথার কোনো গ্যারান্টি নেই।
কারণ তিনি তো পুরস্কৃত হয়েছেন। তিনি সরকারের কাছ থেকে এত পেয়েছেন তাতে জনগণ বিশ্বাস করে না যে তিনি একটি অবাধ নির্বাচন করবেন। কারণ তার মাথার ওপরে তো শেখ হাসিনা আছেন। শেখ হাসিনার চিন্তা, চেতনা, রাজনৈতিক দর্শনে বহুদলীয় গণতন্ত্র নেই। সুতরাং তার অধীনে তিনি (সিইসি) কী নির্বাচন করবেন? তিনি তো নির্বাচন করতে পারবেন না। অর্থাৎ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই একমাত্র নির্বাচন স্বচ্ছ-অবাধ হবে। এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে আন্তর্জাতিক সম্প্রদায়ও বিশ্বাস করে।
রিজভী বলেন, আমরা একটা কঠিন দুর্দিন অতিক্রম করছি। আজকে মানুষের পেটে খাবার নেই। চারিদিকে হাহাকার। সরকার শুধু উন্নয়নের গালভরা বুলি আওরায়। অথচ মানুষ খাবার, চিকিৎসার অভাবে সন্তান বিক্রি করছে। খাবারের অভাবে একজন ছাত্র আমি দুবেলা খেতে চাই, ছাত্র পড়ানোর বিনিময়ে।
তিনি অভিযোগ করেন, আজকে তথাকথিত উন্নয়নের নামে এ সরকারের লোকেরা লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। ক্ষমতাসীন দলের লোকদের টাকার পাহাড় হয়েছে। তারা বিভিন্ন দেশে বাড়ি করেছে, অট্টালিকা করেছে। লন্ডন, কানাডা, মালয়েশিয়া, দুবাইতে বাড়ি করেছে। এগুলো বানানো কথা নয়, দেশ-বিদেশের গণমাধ্যমে এসব খবর এসেছে। অর্থাৎ যে টাকা বাংলাদেশের মানুষের আর্থিক উন্নয়নে কাজ হতো সেই টাকা তারা নিজেরা আত্মসাৎ করেছে।
এ সময় তার সঙ্গে ছিলেন জাসাস আহ্বায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন, জাসাস মহানগর উত্তরের আহ্বায়ক মো. শরীফুল ইসলাম স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মালেক মুন্সি, সদস্য সচিব মো. আনোয়ার হোসেন আনু প্রমুখ।